বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাঙ্গামাটি পার্বত্য জেলার নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়স্থ মাইনী মিলনায়তনে প্রতিবছরের ন্যায় ২০১৯-২০২০ অর্থ বছরে ও রাঙ্গামাটি পার্বত্য জেলার নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়।
শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো: নূরুল আলম নিজামী (অতিরিক্ত সচিব)।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী (উপসচিব)।
২০১৯-২০২০ অর্থ বছরে শিক্ষা বৃত্তির জন্য তিন পার্বত্য জেলার মোট ৭০৬৬জন শিক্ষার্থীদের আবেদন করেছে। প্রাপ্ত সকল আবেদন অনলাইন অটোমেশন পদ্ধতিতে সফটওয়্যারের মাধ্যমে যাচাই-বাছাই করে তিন পার্বত্য জেলার মোট ২২১৬জনকে মেধাবী, গরীব ও অনগ্রসর শিক্ষার্থীকে চূড়ান্ত ভাবে নির্বাচিত করা হয়।
তার মধ্যে কলেজ পর্যায়ের মোট ১১০৪ জন এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১২১২জন। নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলার কলেজ পর্যায়ের ৩৩৬জন এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৪০০জনসহ মোট ৭৩৬জন,
খাগড়াছড়ি পার্বত্য জেলার কলেজ পর্যায়ের ৩৫০জন এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৪২০জনসহ মোট ৭৭০জন এবং বান্দরবান পার্বত্য জেলার কলেজ পর্যায়ের ৩১৮জন ও কলেজ পর্যায়ের ৩৯২জনসহ মোট ৭১০জন।
কলেজ পর্যায়ের প্রত্যেককে এককালীন ৭০০০/-(সাত হাজার) টাকা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের এককালীন ১০,০০০/-(দশ হাজার) টাকা করে শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়।
শিক্ষা বৃত্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ,রাঙ্গামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর পিপিএম-সেবা,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’র নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলম।
আর কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন পরান ধন চাকমা, তাসনিম বিন মাহফুজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের পক্ষে ম্রাচিং মারমা প্রমুখ।
এ সময় শিক্ষা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,কর্মচারীবৃন্দসহ বোর্ডের আওতায় বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা,কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পার্বত্যাঞ্চল দেশের অন্যান্য এলাকার চেয়ে শিক্ষা দীক্ষায়, আর্থ-সামাজিক, যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন দিয়ে পিছিয়ে। এ পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও পার্বত্য জনপদকে মূলধারায় সম্পৃক্তকরণের লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্বত্য চট্টগ্রাম সফরকালে এ অঞ্চলের উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
তারই ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন হতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নের পাশাপাশি পার্বত্য এলাকার শিক্ষা উন্নয়নের ক্ষেত্রেও বিরাট ভূমিকা রেখেছে।
তারই ক্ষুদ্র প্রয়াস আজকের শিক্ষা বৃত্তি বিতরণ।