বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে ২য় বারের মত নানিয়ারচর উপজেলাবাসীর উদ্যোগে সার্বজনীন মহাসংঘদান অনুষ্ঠিত হয়েছে।
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ধর্মীয় ভাব গাম্ভীর্য্যে শুক্রবার সকালে বুদ্ধ পতাকা উত্তোলন ও উদ্ধোধনী ধর্মীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিস্কার দান, হাজার বাতি দান, প্যাগোডার উদ্দেশ্য টাকা দান, পিন্ডুদান, উৎসর্গসহ নানাবিধ দান করা হয়।
পরে বুদ্ধ ও পরিনির্বানপ্রাপ্ত মহাসাধক সাধনানন্দ মহাস্থবির বনভান্তের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিশ্বের সকল প্রাণীর মঙ্গল কামনায় অনুষ্ঠানে পাঁচ মিনিট নিরবতায় থেকে ভাবনা করেন পুণ্যার্থীরা।
অনুষ্ঠানে আসা ধর্মপ্রাণ দায়ক দায়িকাদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা দেন, রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান ও বিহার অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির ও রাজবন বিহারের সিনিয়র ভিক্ষু জ্ঞানপ্রিয় মহাস্থবির।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন, প্রাক্তন উপমন্ত্রী মণিস্বপন দেওয়ান ও নানিয়ারচর উপজেলার সার্বজনীন মহাসংঘদান উদযাপন কমিটির সভাপতি প্রগতি চাকমা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও উদযাপন কমিটির উপদেষ্টা নিখিল কুমার চাকমা। রাজবন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমীয় খীসা, ত্রিশরণ চাকমাসহ উদযাপন কমিটির উপদেষ্টাসহ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।