বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিমার্ণে বিরোধিতাকারী ও কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কৃষক লীগ রাঙ্গামাটি জেলা, পৌর ও সদর উপজেলা শাখার নেতৃবৃন্দরা।
রবিবার (১৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ কৃষক লীগ রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি পৌরসভা চত্বর থেকে শুরু করে রাঙ্গামাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে কৃষকলীগ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি জাহিদ আক্তারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, জেলা যুব মহিলা-লীগের সভাপতি রোকেয়া আক্তারসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
এসময় সমাবেশে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর আঘাত মানে মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত। এই দেশের জনগণ তা মেনে নেবে না। জাতির পিতা বঙ্গবন্ধু দেশ, পতাকা, মানচিত্র দিয়েছেন। তার ভাস্কর্যের ওপর হামলা সংবিধানের ও রাষ্ট্রের ওপর হামলা।