বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ২নং ওয়ার্ড এর যুবলীগের সাধারণ সম্পাদক পাইওখ্যই মারমাকে অপহরণ করেছে পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সন্ত্রাসীরা তাঁকে তার নিজ বাড়ী চিৎমরম এর মৈইদং পাড়া হতে অপহরণ করে বলে জানা যায়।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপহরণের খবর জানার পর ঘটনাস্থলে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) এসআই কাউসার এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল মৈদং এলাকায় পৌঁছে।
এই ছাড়া শুক্রবার সকালে চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির এর নেতৃত্বে থানা পুলিশ এর আরোও একটি দল অপহৃত যুবলীগ ওয়ার্ড সাধারণ সম্পাদক পাইওখ্যই মারমাকে উদ্ধারে ঐ এলাকায় তল্লাশি চালায়।
কাপ্তাই জোনের সেনা বাহিনী সদস্যরাও মৈদং এলাকায় অপহৃত ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদককে উদ্ধারে ঐ এলাকায় চিরুনি অভিযান চালাচ্ছেন।
কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী জানান, পাহাড়ের অস্ত্রধারী জেএসএস এর সন্ত্রাসীরা যুবলীগের এই নেতাকে অপহরণ করেছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাঁকে জীবিত উদ্ধারের জন্য তিনি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান, না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তিনি।