বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিষাক্ত চোলাই মদ্যপানে রুবেল হোসেন (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু ও অপর ৩ ছাত্রকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রুবেল শাহজাদপুর উপজেলার নগরডালা গ্রামের শহিদুল মুন্সীর ছেলে ও স্থানীয় মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্র।
বিষাক্ত চোলাই মদ্যপানকারী অপর ৩ ছাত্র অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছাত্ররা হলো, পৌর এলাকার শক্তিপুর মহল্লার ফটিকের ছেলে মোক্তার (২২), আলমের ছেলে সম্রাট (১৭) ও সাহেব আলীর ছেলে আলামিন (১৮)।
এদের মধ্যে মোক্তারের অবস্থা আশংকাজনক বলে আবাসিক চিকিৎসক ডাঃ রাকিব হাসান জানিয়েছেন। শাহজাদপুর থানার এসআই আসলাম আলী জানান, গত শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুর মহল্লায় উল্লেখিত ৪ ছাত্র বিষাক্ত চোলাই মদ্যপান করে অসুস্থ হয় পড়ে।
এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে রাত ২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে রুবেলের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে পথিমধ্যেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।