বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে বাসের ধাক্কায় ফিহাদ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লার নিখিল সর্দারের ছেলে ও স্থানীয় হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্র।
এ ঘটনায় হৃদয় (১৯) নামে অপর এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। আহত যুবক একই এলাকার মাহমুদপুর মহল্লার জাহাঙ্গীরের ছেলে। এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পৌর এলাকার ঢাকা রোডের মালশাপাড়া কবরস্থানের সামনে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার বিকেলের দিকে মোটর সাইকেলযোগে তারা ঢাকা রোডে যাওয়ার পথে উল্লেখিত স্থানে পেছন থেকে একটি বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তারা গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে স্কুল ছাত্র ফিহাদ নিহত হয়।
পা বিচ্ছিন্ন আহত হৃদয়কে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এ বিষয়টি তারা আপোষ মীমাংসার চেষ্টা করছে। তবে এখনও সংশ্লিষ্ট থানায় কোন মামলা হয়নি।