বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: চতুর্থ ধাপে দেশের ৫৫টি পৌরসভার মধ্যে পার্বত্য রাঙ্গামাটিতে শান্তিপূর্ণভাবে আজ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৩১টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসব মুখরভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
রাঙ্গামাটিতে প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি শহরের ৩১টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়।
কেন্দ্রেগুলোতে সকালে ভোটারদের সংখ্যা ছিলো কম। তবে বেলা বাড়ার সাথে সাথে উৎস মুখর পরিবেশে কেন্দ্রে কেন্দ্রে ছিল ভোটারদের দীর্ঘ সারি। এর মধ্যে নারী ভোটারদের সংখ্যা ছিলো বেশি।
রাঙ্গামাটির মেয়র পদে প্রার্থী রয়েছেন ৫ জন। এর মধ্যে সরকার দলীয় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আকবর হোসেন চৌধুরীর সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।
এই দুই প্রতিদ্বন্দ্বী ছাড়াও মেয়র পদে আরো লড়ছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অমর কুমার দে মোবাইল প্রতীকে, জাতীয় পার্টির প্রজেশ চাকমা লাঙ্গল প্রতীকে ও বিপ্লবী ওয়ার্কাস পার্টির আব্দুল মান্নান রানা কোদাল প্রতীক নিয়ে।
আওয়ামী লীগ প্রার্থী আকবর হোসেন চৌধুরী সকাল সাড়ে ৮ টায় ভোট দিয়েছে আলফেসানী উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে এবং বিএনপি প্রার্থী মামুনুর রশিদ মামুন সকাল ৯টায় শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ভোট দিয়েছেন।
এদিকে এবারের নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৯জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার মোট ভোটার ৬২,৯১৩ জন। এর মধ্যে নারী ২৮৬৭১ ও পুরুষ ৩৪২৪২ জন।
অন্যদিকে ভোটকেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে, পুলিশ, বিজিবি এবং র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)।
এছাড়া প্রতিটি কেন্দ্রে ৭ জন পুলিশ, ৯জন আনসার সদস্য সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করে। পাশাপাশি পুলিশের ১১টি মোবাইল টীম এবং ১১টি স্ট্রাইকিং ফোর্স নির্বাচনে যেকোন পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে।
এছাড়াও র্যাব ও বিজিবি’র সদস্যরাও পুরো শহরে টহল দিয়েছেন যাতে করে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে।
আর নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়েছেন জেলা প্রশাসন।