বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার রাঙ্গামাটি-বান্দরবান সীমান্তের প্রধান সড়কের সিনেমা হল এলাকার বেইলি ব্রিজ ভেঙ্গে পাথর বোঝাই ট্রাক খাদে পড়ে গেছে। এঘটনায় ট্রাকের ড্রাইভারসহ ৪ জন আহত হয়েছে।
রাঙ্গামাটি-বান্দরবান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার ১১টার দিকে চন্দ্রঘোনা থেকে পাথর বোঝাই করে ট্রাকটি বান্দরবানে উদ্দেশ্যে যাওয়ার সময় ট্রাকটি ব্রিজের উপর উঠলে হঠাৎ ব্রিজটি ভেঙ্গে এই দুর্ঘটনাটি ঘটে। এসময় ট্রাকের ড্রাইভার গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে দশ মাইল শারজা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এতে বড় ধরণের হতাহতের কোন ঘটনা না ঘটলেও বন্ধ রয়েছে বান্দরবান জেলা সাথে রাঙ্গামাটির সড়ক যোগযোগ। অতিরিক্ত পাথর বোঝাইয়ের কারণে ভার সইতে না পেরে ব্রিজটি ভেঙ্গে পড়েছে বলেই ধারণা স্থানীয়দের।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, সকালে চন্দ্রঘোনা থেকে পাথর ভর্তি ট্রাকটি রাঙ্গামাটির রাজস্থলী-বান্দরবান সীমান্তের প্রধান সড়কের সিনেমা হল এলাকার প্রধান সড়কের বেইলী ব্রীজে উঠলে হঠাৎ ব্রিজটি ভেঙ্গে ট্রাকটি খাদে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় আহত ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করা হয়েছে। আহতরা সবাই শঙ্কামুক্ত বলে জানান তিনি।
সড়ক ও জনপথ বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মোসলেউদ্দিন জানায়,ব্রিজটির সামনে পাঁচ টনের অধিক মালামাল নিয়ে পরিবহনের জন্য নিষেধ থাকা সত্ত্বেও ড্রাইভাররা অতিরিক্ত মালামাল নিয়ে ব্রিজের উপর উঠার ফলে এই ধরনের দুর্ঘটনায় শিকার হতে হচ্ছে। এতে করে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে এবং চালকের গাফিলতির কারণে ব্রিজটির ব্যাপক ক্ষতি হয়েছে।
ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা বলেন, রাঙ্গামাটি-বান্দরবান প্রধান সড়কটি দিয়ে দৈনিক হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র সড়ক। বিশেষ করে সড়কটি দিয়ে রাজারহাট, পদুয়া, দশমাইল,ব্রিজ ঘাটার লোকজন বাঙ্গালহালিয়া বাজারের উপর দিয়ে যাতায়াত করেন থাকেন। তাই উক্ত ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।