বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি ও সমাবেশ করেছে ছাত্রলীগ রাঙ্গামাটি জেলা শাখা।
আজ বুধবার সকালে ছাত্রলীগ সভাপতি আব্দুল জব্বার সুজন ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার নেতৃত্বে র্যালিটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট এর সামনে এসে শেষ হয়।
আনন্দ র্যালিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে শ্লোগানে শ্লোগানে মুখরি অংশ নেন ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এসময় সমাবেশে বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক দেশরত্ন শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের ফলে আজ বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে এটি আমাদের দেশের জন্য বড় অর্জন।
বক্তারা আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে পরিচিত করিয়েছেন। বাংলাদেশের প্রতিটি অলিতে গলিতে, গ্রামে-শহরে উন্নয়নের সুবাতাস বইছে। তিনি এখন দেশরত্ন থেকে বিশ্বরত্ন।