বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: ‘করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব’ এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় রাঙ্গামাটিতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
দিবসটি পালন উপলক্ষে সোমবার (৮ মার্চ) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে মুক্তিযুদ্ধ, মুজিব শতবর্ষ ও করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ অবদান বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মো: মিজানুর রহমান।
এসময় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হোসনে আরা বেগম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, সাবেক জেলা পরিষদের সদস্যা মনোয়ারা আক্তার জাহান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের সফল বাস্তবায়নের ফলে নারী উন্নয়ন আজ সুস্পষ্টভাবে দৃশ্যমান। তাই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান বক্তারা।