বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিকরণের উপর কর্মশালা ও সামাজিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বগুড়া ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (ভিটিটিআই) কনফারেন্স রুমে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও) প্রতিনিধিরা ২১ প্রজেক্টের আওতায় এ বিষয়ে কর্মশালার আয়োজন করেন।
কর্মশালায় সভাপতির বক্তব্য রাখেন, বগুড়া ভিটিটিআই’র অধ্যক্ষ জিন্দার আলী।
উপস্থিত ছিলেন, বিবিডিএন কলসালটেন্ট আলবার্ট মোল্লা, হেড অফ অপারেশনস আজিজা আহমেদ, বগুড়া জেলা বন্ধন প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক সজিব আহমেদ প্রমুখ।
বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজ্যাবিলিটি নেটওয়ার্কের (বিবিডিএন) প্রতিনিধিরা দু’দিনব্যাপী কর্মশালায় প্রতিবন্ধীদের সাথে আচরণ ও তাদের সামাজিক মর্যাদা, প্রতিটি কাজে অংশগ্রহণে সহযোগিতা, তারাও সাধারণ মানুষের মত সবকিছু করতে পারেন, সকল সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ, অবদান রাখতে পারাসহ সামাজিক ও সচেতন মহল সকল স্থানে প্রতিবন্ধীদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে আলোকপাত করেন।
প্রোজেক্টের অধীনে একই স্থানে ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্ট এডভাইসরি বোর্ড (আইএমএবি), স্থানীয় উদ্যোগসমূহ, প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবক ও সুশীল সমাজের স্টেকহোল্ডারদের সাথে টিভেট সিস্টেমে প্রতিবন্ধীতা অন্তর্ভূক্তিকরণের ওপর সামাজিক সংলাপ অনুষ্ঠিত হয়। উভয় অনুষ্ঠান বিবিডিএন ও বগুড়া ভিটিটিআই’এর যৌথ প্রচেষ্টায় আয়োজন করা হয়।
এতে বাংলাদেশ সরকার ও ইউরোপয়ান ইউনিয়ন এবং আইএলও’র সমর্থন রয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এলবার্ট মোল্লা এবং আজিজা আহমেদ। এই কর্মকান্ডে শিক্ষক, প্রতিবন্ধী, প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা স্বত:স্ফূর্ত অংশগ্রহণ করেন।
স্কিলস ২১’এর নির্বাহী কর্তৃপক্ষ বগুড়া ভিটিটিআইসহ আরো আটটি মডেল ইনস্টিটিউটের সাথে এ কর্মকান্ড বাস্তবায়নে কাজ করছে। বিবিডিএন’র কর্মকর্তারা আগামীতে বগুড়া ভিটিটিআই’এ প্রতিবন্ধীদের নিয়ে চাকরি মেলার আয়োজন করার আশ্বাস দেন।