বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় কয়েল তৈরির কারখানায় আগুনে পুড়ে বেলাল হোসেন (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকালে সদর উপজেলার শিকারপুরের নেংরাবাজার এলাকার ‘সুপার মসকিউটো কয়েল’ কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক আবদুল হামিদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিকারপুর নেংরাবাজার এলাকায় শাহিনুর ইসলাম নামে এক ব্যবসায়ী তার বিড়ি/সিগারেট কারখানার ভিতরে অনুমোদন ছাড়াই ‘সুপার মসকিউটো কয়েল’ কারখানা গড়ে তোলেন।
কয়েল কারখানার শ্রমিক সিরাজগঞ্জের শাহজাদপুরের মজিবর রহমানের ছেলে বেলাল হোসেন রাতে কারখানাতে ঘুমাতেন। শনিবার সকাল ৬টার দিকে এলাকাবাসীরা কারখানার ভিতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন।
তখন তারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদ জানান, দুই ঘন্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে কারখানার মধ্যে আগুনে পুড়ে মারা যাওয়া শ্রমিক বেলাল হোসেনের লাশ উদ্ধার করে বগুড়া সদর থানা পুলিশে হস্তান্তর করেন।

তিনি জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক গোলযোগে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুনে কারখানার ২-৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকান্ডের ব্যাপারে মালিক পক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি। সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, আগুনে পুড়ে মারা যাওয়া শ্রমিক বেলাল হোসেনের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।