বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে নতুন প্রজন্ম গড়ে তুলতে হবে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
তিনি বলেন, স্বাধীনতার কথা জানাতে হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ইতিহাস আগামী প্রজন্মকে জানাতে হবে।
তাই ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা রক্ষা করতে আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস তুলে ধরতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
আজ রবিবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙ্গামাটি জেলা শাখা আয়োজিত শিশু-কিশোরদের নিয়ে ২ দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই-প্রু চৌধুরী এসব কথা বলেন।
রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমিতে মিলনায়তনে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মনসুর আহম্মেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: শাহ এমরান রোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক, প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমদ, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো: রফিকুল মাওলা, রাঙ্গামাটি আর্ট একাডেমীর পরিচালক রেজাউল করিম রেজা, রাঙ্গামাটি জেলা আওয়ামী-যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: শাহাজাহান, রাঙ্গামাটি জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সুজন বড়ুয়া, রাঙ্গামাটি শহর যুবলীগের সভাপতি মোঃ আবুল খায়ের রাফি প্রমুখ।
সাংস্কৃতিক প্রতিযোগিতার ১ম দিন শিশু-কিশোরদের নিয়ে চিত্রাংকন ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় শহরের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫ শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে।
১৫ মার্চ সাংস্কৃতিক প্রতিযোগিতার ২য় দিন বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করবেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙ্গামাটি জেলা শাখার প্রধান পৃষ্ঠপোষক হাজী মো: মুছা মাতব্বর।
১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শিশু- কিশোর মেলার উদ্যোগে রাঙ্গামাটি প্রেস ক্লাব হতে জেলা আওয়ামী লীগ কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র্যালী, দলীয় কার্যালয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বৃক্ষ রোপণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সংসদীয় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙ্গামাটি জেলা শাখার প্রধান উপদেষ্টা দীপংকর তালুকদার এমপি।