বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: আজ ২৬ মার্চ স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে রাঙ্গামাটিবাসী সুবর্ণ জয়ন্তী পালন করছে। সকালে শ্রদ্ধা , ভালোবাসা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় ও নানা কর্মসূচিতে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
সূর্যোদয়ের সাথে সাথে রাঙ্গামাটির কেন্দ্রীয় শহীদ মিনারে ৫০ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সূচনা করা হয়। পরে সরকারের পক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান পুস্পমাল্য অর্পণ করেন।
এর পরই মুক্তিযোদ্ধারা পুস্পমাল্য অর্পণ করেন। এছাড়া রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙ্গামাটি পুলিশ সুপার মোদদাছছের হোসেনসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন পুস্পমাল্য অর্পণ করেন।
এদিকে মারী ষ্টেডিয়ামে শিশু কিশোরদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি জেলা প্রশাসক মো: মিজানুর রহমান ও রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।
পরে পুলিশের ব্যান্ডের তালে তালে পুলিশ, আনসারসহ বিভিন্ন স্কুলের স্কাউট ও কাব লিডার টিমের সদস্যরা মঞ্চের দিকে এগিয়ে গিয়ে সালাম প্রদর্শন করেন।
সব শেষে সময় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। শেষে কুচকাওয়াজে বিজয়ীদের হাত পুরস্কার তুলে দেয়া হয়।