বংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় রবিবার ভোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিনে আগুন লেগে মদন চৌহান (৪৫) নামে চালক নিহত হয়েছে।
এসময় আহত হয়েছে আরোহী এক কাপড় ব্যবসায়ী।
নিহত ট্রাকচালক মদন চৌহান বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার তালোর গ্রামের বাসিন্দা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাজাহান আলী জানান, উল্লেখিত স্থানে বগুড়া থেকে ঢাকাগামী মুরগির খাবার বোঝাই একটি ট্রাকের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে নরসিংদী থেকে বগুড়াগামী কাপড় বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় দুটি ট্রাকের ইঞ্জিনে আগুন লেগে যায়। একপর্যায়ে মুরগির খাদ্য বোঝাই ট্রাকের কেবিনে আগুন ধরে চালক মদন দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘণ্টার প্রচেষ্টার আগুন নিয়ন্ত্রণ আনে। পরে অপর ট্রাকে থাকা এক কাপড় ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় দুটি ট্রাকসহ প্রায় তিন কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ওসি জানিয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে।