বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভায়াট গ্রামে পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ২ বান্ধবী স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
তারা হলো, ওই গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী বিথী (১২) ও শাহজাহান প্রামানিকের মেয়ে ৫ম শ্রেণির ছাত্রী রিথী (১১)। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
তাড়াশ থানার ওসি (তদন্ত) হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, উক্ত গ্রামের আব্দুল বরাত লিজ নেয়া পুকুরে মাছ ধরার জন্য রোববার রাতে গ্যাস টাবলেট দেয়।
সোমবার সকাল থেকে পুকুর মালিকের লোকজন ওই পুকুর থেকে মাছ ধরে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয়রা ওই পুকুরে মাছ ধরে বাড়ি ফিরে যায়। এ সুযোগে ওই পুকুরে ২ বান্ধবী স্কুল ছাত্রী পুকুরে মাছ ধরতে নেমে পড়ে।
এক পর্যায়ে ২ বান্ধবী পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদেরকে কোথাও না পেয়ে ওই পুকুরে খুঁজতে থাকে।
এ সময় স্থানীয়রা পুকুর থেকে তাদের উদ্ধার করে সংশ্লিষ্ট উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
কোন অভিযোগ না থাকায় তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।