বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : সারা দেশের ন্যায় আজ থেকে রাঙ্গামাটিতেও করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু হয়েছে।
রাঙ্গামাটি সদর হাসপাতালে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদারকে টিকা প্রদানের মাধ্যমে দ্বিতীয় ডোজের উদ্বোধন হয়।
সংসদ সদস্যের টিকা গ্রহণের পর রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষসহ রাঙ্গামাটির সম্মুখ সারির করোনা যোদ্ধারা টিকা গ্রহণ করেন।
করোনার টিকা নিয়ে দ্বিতীয় ডোজের উদ্বোধন করতে গিয়ে দীপংকর তালুকদার এমপি বলেন, টিকা নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। আমি স্বপ্রণোদিত হয়ে করোনা ভাইরাসের টিকা নিয়েছি। এই মহামারী থেকে বাঁচতে অন্যদেরকেও করোনার টিকা নেয়ার আহবান জানাচ্ছি।
তিনি বলেন, করোনার টিকা নিয়ে অনেকের মনে কিছু বিভ্রান্তি রয়েছে। তাই করোনা ভাইরাসের টিকা নিয়ে মনে যত বিভ্রান্তি রয়েছে, তা সব মুছে ফেলুন। সবাই টিকা নিন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা ও বিশ্বাস রাখুন৷
অনুষ্ঠানে রাঙ্গামাটি সিভিল সার্জন ড. বিপাশ খীসা জানান, প্রথম ডোজ টিকা যারা গ্রহণ করেছে তাদের মোবাইলে মেসেজ চলে যাবে। এছাড়া যাদের টিকা দেয়ার পর ২ মাস অতিবাহিত হয়েছে কিন্তু মেসেজ পাননি তারা অবশ্যই টিকা কার্ড এবং টিকা কার্ডের ফটোকপি নিয়ে টিকা কেন্দ্রে চলে আসার অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেন, এ ছাড়া ১ম ডোজ টিকা প্রদান অব্যাহত রয়েছে যারা এখনো টিকা গ্রহণ করেননি তারা রেজিষ্টেশন করে করোনা টিকা প্রদানের মাধ্যমে নিজেকে সুস্থ রাখুন।
সিভিল সার্জন ড. বিপাশ খীসা জানান কেন্দ্র পরিবর্তন করে ২য় ডোজ ভ্যাক্সিন নেয়া যাবে না।