বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে সারাদেশের ন্যায় সাত দিনের সর্বাত্মক লকডাউন হিসেবে তৃতীয় দিনেও রাঙ্গামাটিতে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে।
শুক্রবার (১৬ এপ্রিল) সকাল থেকে রাঙ্গামাটি শহরের কয়েকটি স্থানে পুলিশের তৎপরতা চোখে পড়লেও শহরের বাজারগুলোতে পুলিশের উপস্থিতি চোখে পড়েনি। গত দুদিন লোকজন কিছুটা বাড়ি ঘরে থাকলেও আজ লোকজনের উপস্থিতি দেখা মিলছে অনেক বেশি।
লকডাউনের তৃতীয় দিনে রাঙ্গামাটি শহরে কাঁচা বাজার, মুদির দোকান ও ঔষধের দোকান খোলা থাকলেও অন্যান্য সকল দোকানপাট বন্ধ রয়েছে। শহরে জরুরী পরিবহন চলাচল ছাড়াও ব্যক্তিগত যানবাহন ও কিছু কিছু মোটর সাইকেল চলাচল করতে দেখা গেছে। তবে যারা বাইরে বের হচ্ছেন পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে মোটরসাইকেল আরোহীদের।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সারাদেশের ন্যায় করোনা সংক্রমন বৃদ্ধি ঠেকাতে রাঙ্গামাটিতে সর্বাত্মক লকডাউন চলছে। পরিস্থিতি সুষ্ঠভাবে বজায় রাখতে জেলা প্রশাসনের কয়েকটি মোবাইল কোর্ট টিম শহরের বিভিন্ন এলাকায় কাজ করছে।
তিনি আরও বলেন, যারা সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করছে তাদের বিরুদ্ধে জরিমানা ও শাস্তির ব্যবস্থা করা হচ্ছে।