বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : বহু প্রতিক্ষিত রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে শুরু হয়েছে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের কাজ।
গত বছর করোনা রোগীদের চিকিৎসার জন্য সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট তৈরির কাজ শুরুর কথা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে এতোদিন বন্ধ ছিল ।
এবছর করোনা সংক্রমণের হার বাড়তে শুরু করায় সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট বসানোর কাজ আবারও শুরু করা হয়েছে। আর রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রাঙ্গণে চলছে প্ল্যান্টের ভবন নির্মানের কাজ আর মূল ভবনের ভিতরে চলছে পাইপ লাইন বসানোর কাজ।
করোনা আক্রান্ত রোগীদের জন্য হাইফ্লো অক্সিজেন, সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট, আইসিইউ, ভেল্টিলেটরের মাধ্যমে চিকিৎসার প্রয়োজন হলেও সেই সুবিধা থেকে বঞ্চিত ছিল পার্বত্য জেলা রাঙ্গামাটির সাধারণ মানুষ। অক্সিজেন প্ল্যান্টের কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
রাঙ্গামাটির জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর বলেন, অনিবার্য কারণে কাজটি দুই মাসের জন্য বন্ধ ছিল। কাজটি আবারও শুরু হয়েছে। সেন্ট্রাল অক্সিজেন শুরু করা হলে রাঙ্গামাটির লোকজন তার সুবিধা পাবে। এখন আমরা অক্সিজেন সাপোর্টে না থাকায় যে রোগীগুলোকে চট্টগ্রাম পাঠাতাম তা এখন আর পাঠাতে হবে না।
তিনি বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান জানিয়েছেন আগামী দুই মাসের মধ্যে তাঁরা কাজটি শেষ করে আমাদের বুঝিয়ে দিবে। তখন রাঙ্গামাটিবাসী এর সুফল ভোগ করতে পারবে।