বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ১০ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার সকালে শহীদ আব্দুল আলী স্কুল প্রাঙ্গণে জেলা পরিষদের আয়োজনে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেন খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমীন, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাউয়াল উদ্দীনসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের গরীব ও দুঃস্থদের কথা চিন্তা করে বলেই পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে করোনার এই ক্রান্তিকালে দুঃস্থ ও কর্মহীন জনগণের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছে।
উক্ত অনুষ্টানে জেলার ১০ উপজেলার মোট ১০ হাজার পরিবারকে চাল, ডাল, আলু, তেলসহ শাড়ী লুঙ্গি ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয়।