বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী প্রাইভেটকারের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন।
আজ রোববার বিকেলে মহাসড়কের বাগজান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পথচারীর পরিচয় জানতে পারেনি পুলিশ।
আহত ব্যক্তিরা হলেন মোটরসাইকেল চালক রাকিব হোসেন (১৮) এবং প্রাইভেটকারের চালক মোস্তাফিজুর রহমান (৪৩)।
গোলড়া হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে পাটুরিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল একটি প্রাইভেট কার। বিকেল চারটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বাগজান এলাকায় একটি মোটরসাইকেল সড়কে উঠছিল। এ সময় প্রাইভেট কারটি মোটরসাইকেল ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারীকে চাপা দেয়।
এতে পথচারী গুরুতর আহত হন। এই ঘটনায় আহত মোটরসাইকেলে চালক রাকিব ও প্রাইভেটকার চালক মোস্তাফিজুর ও পথচারীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায় গোলড়া হাইওয়ে থানার পুলিশ।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, হাসপাতালে পাঠানোর পর অজ্ঞাত পরিচয়ের ওই পথচারীর মৃত্যু হয়। এ ঘটনায় প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।