বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: ঝুঁকিপূর্ণ এলাকায় পাহাড় কেটে যারা বাড়িঘর নির্মাণ করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি বলেন আসন্ন বর্ষা মৌসুমে রাঙ্গামাটির ঝুঁকিপূর্ণ এলাকায় যাতে আর একটিও প্রাণহানীর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।
ঝুঁকি দেখলে যারা বাড়িঘর ছেড়ে যাবে না তাদেরকে প্রশাসন জোর করে উঠিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেন জেলা প্রশাসক।
আজ বিকেলে রাঙ্গামাটি শহরের রূপনগর ও শিমুলতলী এলাকার জনগনের মাঝে লিফলেট ও ঝুঁকিপূর্ণ এলাকায় সাইন বোর্ড লাগানোর সময় সাংবাদিকদের তিনি এ কথা জানান ।
এ সময় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা, নেজারত ডেপুটি কলেক্টর বোরহার উদ্দিন মিঠু, নির্বাহী ম্যাজিষ্টেট আব্দুর রহমান, জেলা স্কাউট কমিশনার নুরুল আবছার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। দুর্যোগ দেখলে আপনারা নিজ দায়িত্বে আশ্রয় কেন্দ্রে চলে যাবেন। প্রশাসন সব সময় আপনাদের পাশে আছে এবং থাকবে।
আপনার পাশের বাড়ীর লোকটি নিরাপদে আছে কিনা আপনাকেই চিন্তা করতে হবে।
তিনি বলেন দূর্যোগ দেখলে কেউ যদি নিরাপদ আশ্রয় কেন্দ্রে না গিয়ে ঝুঁকিতে বসবাস করে তাহলে প্রশাসনকে খবর দিলে প্রশাসন ফোর্স করে তাদেরকে সরিয়ে নিয়ে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাবে।