বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় নতুন বাজারের পুরাতন ঐতিহ্যবাহী বায়তুল ইলাহ শাহী জামে মসজিদটিতে যাতে করে ধর্মপ্রাণ মুসল্লীরা সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে তার জন্য ধীরে ধীরে এই মসজিদটি সুন্দর ও দৃষ্টিনন্দন মসজিদ হিসেবে পরিণত করা হবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটির সাংসদ দীপংকর তালুকদার।
তিনি বলেন, কাপ্তাই নতুন বাজারের পুরাতন বাইতুল ইলাহ শাহী জামে মসজিদকে সংস্কার করে আধুনিকরণ করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৫০ লাখ টাকা ব্যয়ে মসজিদটির ৩য় তলা পর্যন্ত ভবন নির্মাণ করা হবে।
বৃহস্পতিবার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নির্মিতব্য মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করতে গিয়ে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেন।
এসময় রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই থানার ওসি মো: নাসির উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলীল, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউপের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, কাপ্তাই এলপিসি শাখা ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়, ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কাজী শামসুল ইসলাম আজমির, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক সাগর চক্রবর্ত্তী, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ (সিবিএ) কাপ্তাই শাখার সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকতার আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন, সম্পাদক এ আর লিমনসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী এবং মসজিদ কমিটির সকল সদস্যগন উপস্থিত ছিলেন।
এসময় কাপ্তাই নতুন বাজার বাইতুল ইলাহ শাহী জামে মসজিদের সভাপতি আব্দুল আলীম কালাম মসজিদটি আধুনিকরণের উদ্যোগ নেওয়ার জন্য দীপংকর তালুকদার এমপি, উন্নয়ন বোর্ড এবং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফকে ধন্যবাদ জানান।