বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে সকল ধরণের স্বাস্থ্যবিধি মেনে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় আগামীকাল শনিবার থেকে শুরু করে প্রায় পৌনে তিন লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশন মেয়র মো: জাহাঙ্গীর আলম।
সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সাংবাদিকবৃন্দের অবহিতকরণ সভায় তিনি এ তথ্য জানিয়েছেন।
সভায় মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, ৫ জুন শনিবার থেকে শুরু করে ১৯ জুন পর্যন্ত পক্ষকালব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে গাজীপুর সিটিতে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ক্যাম্পেইন কেন্দ্র থাকবে ১ হাজার ৪২৯টি।
করোনা পরিস্থিতির কারণে এবার পক্ষকালব্যাপী খাওয়ানোর জন্য অতিরিক্ত লোকবল নিয়োগ করা হয়েছে। সিটি কর্পোরেশনের ৫৭ টি ওয়ার্ডের কোনো শিশু যাতে বাদ না পারে সেজন্যই এবারে বিশেষ উদ্যোগ রয়েছে এবং প্রায় ১ হাজার স্বাস্থ্যকর্মী নিযুক্ত থাকবে।
প্রতিটি শিশু এবং অভিভাবকরা করোনা পরিস্থিতিতে সুরক্ষায় থেকে যাতে ভিটামিন এ ক্যাপসুল গ্রহণ করতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
মেয়র বলেন পক্ষকাল ব্যাপী এবার ভিটামিন খাওয়ানো হবে। বিনা মূল্যের ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর সরকারি এই উদ্যোগ যাতে সফল হয় সে জন্য সকলের সহযোগিতা কামনা করছি। এই নগরের যারা বাসিন্দা নয়, ভিন্ন জেলার লোক কিন্তু এখানে বসবাস করছেন তাদের শিশুরাও এই কর্মসূচি থেকে বাদ যাবেনা।
সভায় সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায়, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার শতাধিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।