বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় অজ্ঞাত বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক গৃহবধু ও তার মেয়ে নিহত হয়েছে। এ সময় গৃহকর্তা গুরুতর আহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি খায়রুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
নিহতরা হলো বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাট গ্রামের বাসিন্দা ও গ্রামীণ ব্যাংক গাইবান্ধার কোচাশহর শাখার কর্মকর্তা আলতাব হোসেনের স্ত্রী মিনু বেগম (৪০) ও মেয়ে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী আফরিনা জাহান অমি (১৬)।
পুলিশ ও স্থানীয়রা জানান, গ্রামীণ ব্যাংক কর্মকর্তা আলতাব হোসেন ও তার স্ত্রী মিনু বেগম তাদের মেয়ে স্কুল ছাত্রী অমিকে নিতে বগুড়া শহরে আসেন।
তারা মোটরসাইকেলে মেয়েকে নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন। সন্ধ্যা ৭টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা এলাকায় মহাসড়কের পৌঁছলে আলতাব হোসেন নিয়ন্ত্রণ হারান। এতে মহাসড়কে পড়ে গেলে পিছন থেকে আসা অজ্ঞাত যানবাহন মা মিনু বেগম ও মেয়ে অমিকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে মা ও মেয়ে ঘটনাস্থলেই মারা যান।
পথচারীরা আহত ব্যাংকার আলতাব আলীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন জানান, মা ও মেয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক যানবাহনটি শনাক্ত করার চেষ্টা চলছে।