বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ওই মোটরসাইকেলে থাকা তার কোলের শিশু।
নিহত নারী আয়না খাতুন (৩০) ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বলদিয়া গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী।ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকায়।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, নিহত আয়না খাতুন অটোরিক্সা না পেয়ে বুধবার দুপুরের দিকে ভাড়াটে মোটরসাইকেলযোগে ভূরুঙ্গামারীর দক্ষিণ বলদিয়া থেকে তার কোলের শিশুকে সাথে নিয়ে কচাকাটার দিকে আসছিলেন।
কচাকাটা থানার শিমুলতলা আকরামের মোড় এলাকায় আসলে শিশুটি মোটরসাইকেলে জোরে নড়াচড়া করতে থাকে।তা ঠিক করতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন আয়না বেগম ও সেইসাথে কোলের শিশুটিও।
পরে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়া হয়।
এর কিছুক্ষণ পর ওই নারীর অবস্থার আরো অবনতি ঘটলে সেখান থেকে বিকেলে রংপুর মেডিকেল কলেজে নেয়ার পথে রাজারহাট এলাকায় মারা যান।শিশুটি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে কচাকাটা থানার ওসি মাহবুব উল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।