বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার র্যাব-১২’র প্রধান কার্যালয়ের সামনে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে।
নিহত মং ওয়াইচিং মারমা (৩৫) কাভার্ডভ্যানের চালক। সে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার সীতাপাহাড় এলাকার হ্লাচাইপ্রূ মারমার ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২’র প্রধান কার্যালয়ের সামনে রাজশাহীগামী যাত্রীবাহী বাসের সাথে ঢাকাগামী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক মং ওয়াইচিং ঘটনাস্থলেই নিহত ও ৫ জন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। নিহতের লাশ থানা হেফাজতে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ডভ্যান জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।