বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিন্নাদারি নামক স্থানে শুক্রবার সকালে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছে।
নিহতরা হলো- পাবনা জেলার বেড়া উপজেলার চরনাকালিয়া গ্রামের আবু শ্যামা প্রামাণিকের ছেলে আলামিন হোসেন (৪২) ও নাকালিয়া গ্রামের রফিক প্রামাণিকের ছেলে গোলাম মোস্তফা (৪৫)।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করে জানান, শাহজাদপুর থেকে মোটরসাইকেল যোগে বেড়া যাওয়ার পথে সকাল ১০টার দিকে উল্লেখিত স্থানে একটি বাসের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী আলামিন ঘটনাস্থলেই মারা যায়।
আরেক আরোহী মোস্তফাকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা গেছে। পরে লাশ দুটি পাবনা মাধপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ।