বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সরকারি বিধি-নিষেধ অমান্য করায় ও স্বাস্থ্যবিধি না মানায় ৯ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার বারোয়ারী বটতলা, চক্ষু হাসপাতাল মোড়, প্রেসক্লাব মোড়সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মেজবাউল করিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি ও সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল করিম জানান, কোভিড-১৯ ওমিক্রন ভেরিয়েন্ট সংক্রমণ ব্যাপক হারে বিস্তার লাভ করায় সংক্রমণরোধে সরকার বিধিনিষেধ জারি করেছে। সরকারি এ বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশনাও দেয়া হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হয়।
মাস্ক না পরে রাস্তায় বের হওয়ার অভিযোগে ৯ ব্যক্তিকে মোট ২ হাজার ৮’শ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।