বাংলা হেডলাইনস, সাজ্জাদুল তুহিন, নওগাঁ প্রতিনিধি: ২০ হাজার লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুদ রাখার অপরাধে নওগাঁর নিয়ামতপুরে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় নিয়ামতপুর উপজেলা পরিষদ সংলগ্ন বাজারের পাশে চাতালের গুদামঘরে উপজেলা প্রশাসন ও এনএসআই যৌথ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
জানা যায়, হুমায়ন কবির উপজেলা পরিষদ সংলগ্ন বাজারের বড় ব্যবসায়ী এবং উপজেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্ল্যাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জাতীয় নিরাপত্তা গোয়ন্দা সংস্থা (এনএসআই) এর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদ সংলগ্ন বাজারের পাশে চাতালের গুদামঘরে হুমায়ুন কবির (৩৮) এর মেসার্স হাবিবা স্টোরে অভিযান চালানো হয়। অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে ১০০টি ড্রামে ২০ হাজার লিটার সয়াবিন তেল মজুদ রাখার অপরাধে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, মজুদকৃত তেল আগামী ৫ দিনের মধ্যে সরকারি বাজার মূল্যে বিক্রি করার নির্দেশ দেয়া হয়। এ ছাড়া হুমাযুন কবির লাইসেন্সবিহীন অবৈধভাবে ব্যবসা পরিচালনা ও গুদামজাত করার অপরাধে তাকে প্রাথমিকভাবে সতর্ক করা হয় এবং ব্যবসায়িক লাইসেন্স আগামী ৫ কর্মদিবসের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলেও জানান ইউএনও।
অভিযানে উপজেলা প্রশাসন, এনএসআই ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।