বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার একটি হোমিও ঔষধের দোকানে অভিযান চালিয়ে ৫৮৯ বোতল অ্যালকোহলযুক্ত তরল পদার্থসহ মো: ইয়াসিন আরাফাত (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
গ্রেফতারকৃত ইয়াসিন আরাফাত বেলকুচি উপজেলার বেড়া খারুয়া গ্রামের মো: শাহ আলমের ছেলে। র্যাব-১২’র মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১১টার দিকে বেলকুচি পৌর এলাকার মনির হোমিও ঔষধের দোকানে অভিযান চালিয়ে ৫৮৯ বোতল অ্যালকোহলযুক্ত তরল পদার্থসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ও নগদ ৬ হাজার ৫০০টাকা জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এই অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।