বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার উত্তরপাড়া গ্রামে নারী সংক্রান্ত ঘটনায় ভ্যানচালক হোসেন আলীকে (৪৫) বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সে ওই উপজেলার রৌহাবাড়ী দক্ষিণপাড়া গ্রামের ফজল শেখের ছেলে। এ ঘটনায় ৩ নারীকে আটক করা হয়েছে।
কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার গভীর রাতে ওই ভ্যানচালককে বাড়ি থেকে ডেকে এনে একই গ্রামের ভ্যানচালক আব্দুস ছালামের বাড়িতে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনার পর থেকে ছালাম ও রজব আলীসহ অন্যান্যরা পলাতক রয়েছে।
ধারণা করা হচ্ছে, নারী সংক্রান্ত ঘটনায় এ খুনের ঘটনা ঘটেছে। পুলিশ রোববার দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং জিজ্ঞাসাবাদের জন্য রুবিয়া (৪৫), তার মেয়ে জেসমিন (২২) ও রাহা খাতুনকে (১৭) আটক করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।