বাংলা হেডলাইনস বগুড়া হেডলাইনস: বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে আফজাল হোসেন (৬২) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক, তার স্ত্রী ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে কুপিয়েছে।
শনিবার মধ্যরাতে উপজেলার মাঝিড়া ইউনিয়নের বারুনিঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আফজাল হোসেন জানান, তিনি বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। কয়েক মাস আগে অবসরে যান। শনিবার রাত সাড়ে ১২টার দিকে স্ত্রী হোসনে আরা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে রিপার চিৎকার শুনে ঘর থেকে বের হন। এ সময় এক দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী ও মেয়েকে আঘাত করছিল। তিনি হামলাকারী দুর্বৃত্তকে ধরার চেষ্টা করলে তাকেও কুপিয়ে জখম করা হয়। হামলার সাথে জড়িত ও এর কারণ সম্পর্কে তিনি কোন মন্তব্য করতে পারেননি।
রিপা হোসনে আরা আফজাল হোসেনের মেয়ে জানান, তাদের বাড়ির সংস্কার কাজ চলছে। তাই যে কেউ ইচ্ছা করলেই বাড়িতে ঢুকতে পারে। শনিবার রাতে তিনি ল্যাপটপে কাজ করছিলেন। হঠাৎ জিন্সের প্যান্ট ও হাফহাতা গেঞ্জি পরিহিত একজন পিছনের দিক দিকে ঘেরে ঢুকে পড়ে। চিৎকার দেওয়ার চেষ্টা করলে ওই দুর্বৃত্ত তার গলা টিপে ধরে। ধস্তাধস্তির শব্দ পেয়ে পাশের ঘর থেকে প্রথমে মা বের হলে তাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করা হয়। এ সময় মার চিৎকার শুনে বাবা বের হলে দুর্বৃত্তকে ধরার চেষ্টা করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। সকলে চিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাদের প্রথমে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।
পরে সেখান থেকে তাদের বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, হামলার ঘটনায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে। পূর্ব কোন বিরোধের জের ধরে পরিচিত কেউ এ হামলায় জড়িত থাকতে পারে। পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতরা সুস্থ হয়ে মামলা দিলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।