বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির কাপ্তাইয়ের সীতাঘাট এলাকায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে গেছে দুই পর্যটক।
কাপ্তাই নৌবাহিনীর ডুবুরি দল দুই ঘন্টা চেষ্টা চালিয়ে লোকাস বৈদ্য নামে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করলেও অপূর্ব সাহা নামে অপর জনকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে নৌবাহিনীর ডুবুরি দল। অপর একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বন্ধুরা জানায় বুধবার বেলা তিনটার দিকে কর্ণফুলী নদীতে গোসল করতে নামে ছয় বন্ধু। বন্ধুদের সাথে গোসল করতে নেমে তার মধ্যে ছয়জনই পানিতে তলিয়ে যায়। এর মধ্যে তিনজন কোনভাবে পাড়ে উঠতে পারে।
খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা ৩টা ১০ মিনিটের দিকে ঘটনাস্থলে এসে মুমূর্ষ অবস্থায় একজনকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সে সুস্থ আছেন বলে জানান উপজেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
এদিকে ঘটনার সংবাদ পাবার সাথে সাথে বিকেল ৪টা ৩৯ মিনিটে লেফট্যানেন্ট কমান্ডার ফয়জুল ইসলাম মন্ডলের নেতৃত্বে এবং লেঃ কমান্ডার সেলিম রেজাসহ ৮ সদস্যের একটি নৌ বাহিনী ডুবুরি দল সীতার ঘাট এলাকায় কর্নফুলি নদীতে নিখোঁজ পর্যটককের সন্ধানে উদ্ধার কার্যক্রম শুরু করেন এবং বিকেল ৫টায় একজনকে মৃত উদ্ধার করেন।
জানা যায়, চট্টগ্রামের আন্দরকিল্লা থেকে ৬ জন পর্যটক কাপ্তাইয়ে বেড়াতে এসে কর্ণফুলী নদীতে গোসল করতে নামে। পরে দুজনকে আর খুঁজে পাওয়া যাচ্ছেনা। নৌবাহিনী ডুবুরি নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চালিয়ে যাচ্ছে।
ঘটনাস্থলে উপজেলা প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে।
মৃত উদ্ধারকৃত ১৯ বছর বয়সী যুবক লোকাস বৈদ্য, চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামের অপু বৈদ্যের ছেলে।সে চট্টগ্রাম ইসলামিয়া কলেজে প্রথম বর্ষের ছাত্র। তার বাবা মৎস্য অধিদপ্তরে চাকরি করেন।
এদিকে এই ঘটনায় চট্টগ্রাম সদরঘাট এলাকার অপূর্ব সাহা (১৮)) নামে একজন নিখোঁজ রয়েছে বলে জানান তার বন্ধু তৌহিদুল ইসলাম।
কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পরিদর্শক নুরুল করিম বলেন, ৬ বন্ধু কাপ্তাইয়ে বেড়াতে কর্ণফুলী নদীতে গোসল করতে নামে তাদের মধ্যে ৪ জন সাতঁরিয়ে উঠতে পারলে ২ জন নদীর পানিতে তলিয়ে যায়। একজনকে উদ্ধার করলেও অপরজনকে উদ্ধারে কাজ চলছে।
এদিকে ঘটনার সংবাদ পাওয়ার পর পরই কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান ও কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার কার্যক্রম তদারকি করেন। চন্দ্রঘোনা ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা উদ্ধার কার্যক্রমে সহায়তা করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত (সন্ধ্যা ৬টা ৪০ মিনিট) কাপ্তাই নৌবাহিনী ডুবুরি দল নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধারে ঘটনাস্থল এবং এর আশেপাশে এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।
উল্লেখ্য, গত বছর একই এলাকায় গোসল করতে নেমে একজন পর্যটক নিখোঁজ হয়। সাতার না জানা পর্যটকদের কাপ্তাই হ্রদের পানি না নামার নিষেধ থাকলেও বেড়াতে আসা পর্যটকরা হ্রদে গোসল করতে নেমে বিপদ ডেকে আনছে।