বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং একজন আহত হয়েছেন।
শুক্রবার রাতে উপজেলার বারমাইল এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের একজন হলেন নওগাঁ সদরের শিকারপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে আবদুল্লাহ (২৫)।
কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, ট্রাকের সাথে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁ ছেড়ে আসা বগুড়াগামী ধানবোঝাই একটি ট্রাক শুক্রবার রাত ৯টার দিকে বগুড়ার কাহালু উপজেলার বারমাইল এলাকায় পৌঁছে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী দুটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে সড়কের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একটি মোটরসাইকেলের আরোহী আবদুল্লাহ মারা যান।
এ মোটরসাইকেলের অপর অজ্ঞাত আরোহীকে পার্শ্ববর্তী দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার মৃত্যু হয়।
অপর মোটরসাইকেলের গুরুতর আহত আরোহীকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।
দুপচাঁচিয়া থানার এসআই রেজাউল জানান, সড়কের উপর উল্টে যাওয়া ধানবোঝাই ট্রাক ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত একজনের পরিচয় পাওয়া গেলেও রাত ১০টা পর্যন্ত অপর হতাহত দু’জনের নাম ও ঠিকানা মেলেনি।