বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে দুই লাখ টাকা চাঁদা ও মামলা তুলে না নেওয়ায় সোনারায় ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান আলতাবের উপর হামলার অভিযোগে দুই সদস্যকে (মেম্বর) গ্রেফতার করা হয়েছে।
গত ২২ মে দুপুরের আগে ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। গাবতলী থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সোমবার সকালে মামলার পর গ্রেফতার দু’জনকে দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতার দুই মেম্বর হলো গাবতলীর সোনারায় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য গজারিয়া গ্রামের মৃত তবিবর রহমান মন্ডলের ছেলে পেস্তা মিয়া মন্ডল (৫০) ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মুছিখালি গ্রামের মৃত আব্দুল কাদের মন্ডলের ছেলে রঞ্জু মিয়া মন্ডল (৪০)।
মামলায় ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান আলতাব অভিযোগ করেছেন, ইউপি সদস্য পেস্তা ও রঞ্জু পূর্বের একটি মামলা তুলে নিতে ও দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। অস্বীকৃতি জানালে তারা গত ২২ মে বেলা সাড়ে ১১টার দিকে ধারালো অস্ত্র হাতে পরিষদের অফিস কক্ষে ঢোকেন। এরপর তারা তার উপর হামলা করলে তিনি (চেয়ারম্যান) আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে দেন। এ ব্যাপারে চেয়ারম্যান সোমবার সকালে সোনাতলা থাকায় ইউপি সদস্য পেস্তা ও রঞ্জু, মাসুম, আমিনুর রহমান, বিপ্লব, আলীম, শাকিল, আকবর আলী, সালামসহ অজ্ঞাত আরো ১০/১২ জনের বিরুদ্ধে মামলা করেন।
গাবতলী থানার ওসি সিরাজুল ইসলাম জানান, চেয়ারম্যান মামলা করার পর অন্যতম আসামি মেম্বর পেস্তা ও রঞ্জুকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।