বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির জীবতলী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন।
নিহতের নাম তাপসি চাকমা, তার বয়স ৬০। তার স্বামীর নাম গোপাল চন্দ্র চাকমা। সোমবার (৩০ মে) ভোর রাত সাড়ে ৪টায় রাঙ্গামাটি সদর উপজেলার ১নং জীবতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নিজ বাড়ীতে বন্যহাতি হামলা করলে ঘটনা স্থলে বৃদ্ধার মৃত্যু হয় বলে স্থানীয় বাসিন্দারা জানান।
জীবতলী ইউপির মেম্বার ধন চাকমা জানান, রাতে ঐ বৃদ্ধা প্রাকৃতিক ডাকে ঘর থেকে বের হয়েছিলেন। ঐ সময় তিনি হঠাৎ হাতির আক্রমণের শিকার হন এবং আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা গেছেন বলে তিনি জানতে পেরেছেন।
স্থানীয় গ্রামবাসীরা জানান, জীবতলী ইউনিয়নের পাহাড়ি গ্রামের আশপাশে দীঘদিন ধরে একটি বণ্যহাতির পাল বিচরণ করছে। প্রায় প্রতিদিনই বন্য হাতির পাল গ্রামের লোকালয়ে ঢুকে ঘর বাড়ি ও ফসল বিনষ্ট করছে। এতে মানুষ আতংকে দিন কাটাচ্ছে। জীবতলীতে গত কয়েক বছরে বন্য হাতির আক্রমনণের ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকজন লোক মারা গেছে বলে তারা জানান।