বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস উল্টে মারদিয়া নামে ১৫ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুর বাবা মিন্টু মিয়া গুরুতর আহত হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুরে শহরের সাবগ্রাম আকাশতারা এলাকায় অরক্ষিত লেভেল ক্রসিংএ এ দুর্ঘটনা ঘটে। বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম এ তথ্য দিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত শিশু মারদিয়া ঢাকার মোহাম্মদপুর এলাকার মিন্টু মিয়ার মেয়ে। মিন্টু বুধবার সকালে ঢাকা থেকে মাইক্রোবাসে (ঢাকা-মেট্রো-চ-১৫-৮৩৯৩) স্ত্রী, দুই নবজাতক বাচ্চাকে নিয়ে বগুড়া শহরের সাবগ্রাম আকাশতারা এলাকায় শ্বশুর বাড়িতে আসছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে মাইক্রোবাসটি সাবগ্রাম আকাশতারা এলাকায় অরক্ষিত লেভেল ক্রসিং-এ পৌঁছে। ওই গেট বা প্রহরী নেই; পথচারীদের নিজ দায়িত্বে পারাপারে রেল বিভাগের নোটিশ টানানো রয়েছে। চালক অসাবধানতাবশত: মাইক্রোবাসটি লাইনের কাছে রাখেন। লালমনিরহাট ছেড়ে আসা সান্তাহারগামী লোকাল ট্রেন লেভেল ক্রসিং অতিক্রম করার সময় মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাস উল্টে রাস্তার পাশে গাছের সাথে আটকে যায়।
স্থানীয়রা মাইক্রোবাসে থাকা সকলকে উদ্ধার করেন। ধাক্কায় মিন্টু মিয়া ও তার ১৫ দিন বয়সী শিশু মারদিয়া গুরুতর আহত হয়। তাদের বগুড়া শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।
এসআই আমিনুল ইসলাম জানান, মাইক্রোবাসের চালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।