বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক বৃদ্ধ দম্পতি নিহত হয়েছেন। আহত কার চালককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার তিশিগাড়ী এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ এ তথ্য দিয়েছেন।
নিহতরা হলেন নওগাঁর বদলগাছী উপজেলার কয়নারী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মাইনুল আহসান (৭৪) ও তার স্ত্রী রওশন আরা (৬৫)। নিহত দম্পতি রাজশাহী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌলি মন্ডলের শ্বশুর-শাশুড়ি।
পুলিশ জানায়, ওই দম্পতি বুধবার সকালে ঢাকার মোহাম্মদপুরের বাড়ি থেকে প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-গ-১৭-৬৩৬২) নওগাঁর বদলগাছীর কয়নারী গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে কার বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তিশিগাড়ী এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে রাস্তার পাশে তালগাছে ধাক্কা লেগে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। মাইনুল আহসান, তার স্ত্রী রওশন আরা ও কার চালক আহত হন। পথচারী তিনজনকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে চিকিৎসক রওশন আরাকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত মাইনুল আহসান ও কার চালককে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বেলা সাড়ে ১০টার দিকে মাইনুল মারা যান।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌলি মন্ডল জানান, ‘আমার শ্বশুর-শাশুড়ি ঢাকার মোহাম্মদপুর থেকে প্রাইভেটকার যোগে নওগাঁ এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে দুপচাঁচিয়া পৌঁছালে জানতে পারি তারা দুর্ঘটনায় নিহত হয়েছেন।
দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামসুন নাহার জানান, সম্ভবত চালক ঘুম ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন। এ কারণেই এ দুর্ঘটনা হয়েছে।
দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দম্পতি নিহত হয়েছেন। বগুড়া সদর থানার এসআই মন্তাজ জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়ির চালক শজিমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।