বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে অসুস্থ আত্মীয়কে দেখে বাড়ি ফেরার পথে স্বামীর মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে রোলারের চাকায় পিস্ট হয়ে বেনু বেগম (৫৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার কুসুম্বি এলাকায় এ ঘটনা ঘটে। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্বজনরা জানান, নিহত বেনু বেগম নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের তছির উদ্দিনের স্ত্রী। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তছির উদ্দিন তার স্ত্রী বেনু বেগমকে মোটরসাইকেলে নিয়ে অসুস্থ আত্মীয়কে দেখতে যান।
ফেরার পথে বগুড়ার আদমদীঘি উপজেলার কুসুম্বি এলাকায় পৌঁছলে ঝাঁকুনীতে বেনু বেগম রাস্তায় পড়ে যান। এ সময় সড়ক সংস্কার কাজের রোলারের চাকা তার মাথার ওপর দিয়ে উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার কর বাড়িতে নিয়ে যান।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, ঘটনার পরপরই পার্শ্ববর্তী এলাকা থেকে স্বজনরা এসে নিহত গৃহবধু বেনু বেগমের লাশ বাড়িতে নিয়ে গেছেন। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি।
এছাড়া ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।