বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার কানগাঁতি গ্রামে বৈদ্যতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে হারেজ আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত হারেজ আলী রায়গঞ্জ উপজেলার কয়ড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় ফজলু (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকালে সদর উপজেলার কানগাঁতি গ্রামে ট্রান্সফরমারের নিচে নিহতের লাশ ও অপর এক ব্যক্তিকে আহত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে প্রেরণ করা হয় এবং আহত ওই ব্যক্তিকে উল্লেখিত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চোরেরা শুক্রবার রাতে ওই ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্টে হারেজ মারা যায় এবং অপরজন আহত হয়। তাদেরকে ফেলে রেখে অনান্যরা পালিয়ে যায়। পুলিশ ট্রান্সফরমারের বেশকিছু মালামাল উদ্ধার করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।