বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের ১৪ মাইল চম্পাতলী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল আব্দুল হালিম নিহত হয়েছে।
রবিবার (২৪ জুলাই) বিকেলে সাড়ে তিনটার দিকে সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে চাঁদের গাড়ীকে সাইট দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিজের মোটরসাইকেল থেকে উল্টে পরে সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল সৈনিক নং- (৪৫০৭২৮৫) আব্দুল হালিম মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় মূমুর্ষ অবস্থায় আব্দুল হালিমকে বাঘাইহাট সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ির ২০৩ রিজিয়নের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত সেনা সদস্য বাঘাইছড়ি পৌরসভার দুই নং ওয়ার্ডের পশ্চিম মুসলিম ব্লক এলাকার মৃত শহিদুল ইসলামের বড় ছেলে। সে চট্টগ্রাম সেনানিবাসের অধিনস্থ ২৩ বীরে কর্মরত ছিলেন। ছুটিতে বাড়িতে এসে মোটরসাইকেল নিয়ে সাজেক পর্যটন এলাকায় বেড়াতে গিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়েন।
নিহত সেনা সদস্যের ছোট ভাই উজ্জ্বল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বাঘাইছড়ি থানার এএসপি সার্কেল আব্দুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বৃষ্টিতে সড়ক পিচ্ছিল ছিলো চাঁদের গাড়ী দেখে হার্ট ব্রেইক করে মোটরসাইকেল থেকে উল্টে পরে মাথায় ও কোমরে আঘাত পেয়ে মারাত্মক ভাবে আহত হয় পরে খাগড়াছড়ি সেনাবাহিনীর এমডিএসে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।