বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে রুবায়েত ইসলাম (২৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর আড়াইটার দিকে কাপ্তাই হ্রদের সদর উপজেলাধীন দারোগার পাহাড় এলাকায় এই ঘটনাটি ঘটে। এদিকে অনেক খোঁজাখুঁজি’র পর বিকাল সাড়ে ৫টার পর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানিয়েছে, শনিবার (৬ আগস্ট) দুপুরে কাপ্তাই হ্রদে ট্যুরিস্ট বোট নিয়ে ঘুরতে বের হন চট্টগ্রাম থেকে বেড়াতে আসা চার বন্ধু। পরে দুপুর আড়াইটার দিকে হ্রদে গোসল করতে নেমে তলিয়ে যান রুবায়েত ইসলাম। তিনি চট্টগ্রামের পাহাড়তলী থানার বাসিন্দা বলে জানা গেছে।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের স্টেশন অফিসার মো. বিল্লাল হোসেন বলেন, দুপুরে কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যান ওই যুবক। পরে আমরা বিকেল ৫টা ৩৬ মিনিটের দিকে তার লাশ উদ্ধার করি। লাশ কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, রাঙ্গামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. কবির হোসেন জানান, ফায়ার সার্ভিস এর লোকজন লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। লাশ আমরা রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।