বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের ভুইয়াগাঁতী-তাড়াশ আঞ্চলিক সড়কের রায়গঞ্জ উপজেলার দেওভোগ নামক স্থানে বৃহস্পতিবার সকালে বাস চাপায় আব্দুর রাজ্জাক (৬৫) নামে এক নসিমন চালকের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনায় রফিকুল ইসলাম নামের এক মাছ ব্যবসায়ী আহত হয়েছে। নিহত আব্দুর রাজ্জাক রায়গঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের বাসিন্দা।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে নিমগাছী মাছের আড়ৎ থেকে মাছ নিয়ে শ্যালো ইঞ্জিন চালিত নসিমনে বগুড়া যাওয়ার পথে উল্লেখিত স্থানে এইচকে পরিবহনের একটি বাস নসিমনটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে চালক আব্দুর রাজ্জাক ও মাছ ব্যবসায়ী রফিকুল আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করলেও কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।