বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: জেলার কাউখালীতে চাদের গাড়ি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মো: মাসুদ (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আরো ৫ আরোহী গুরুত্বর আহত হয়েছে।
রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের রানিরহাট কাউখালী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের পোয়াপাড়া এলাকার, ফারুকের মেয়ে ফারহানা আক্তার ইতি (২৪), সারোয়ারের মেয়ে আরপিনা সরকার প্রিয়া (২২), রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিল এলাকার, বেছন আলীর ছেলে মোঃ আজিম, কক্সবাজার রামু উপজেলার ফারুক আহমেদ এর ছেলে, এলাহী বকস।
কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডা: ফরিদা বিনতে রহমান জানান, স্থানীয়রা আহতাবস্থায় ৬জনকে উদ্ধার করে হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসা হয়। নিয়ে আনার পথে মো: মাসুদ মারা যায় এবং আহত পাঁচজনের অবস্থা গুরুত্বর হওয়াতে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম হাসপাতালে প্রেরণ করা হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ আলী জানান, রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের রানিরহাট কাউখালী রাস্তার মাথায় চাদের গাড়ি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে ও পাঁচজন গুরুত্বর আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক চাদের গাড়ির ড্রাইভার পালিয়ে গেছে। ঘটনাটি রাঙ্গুনিয়া উপজেলায় হওয়াতে আমরা তাদের অবহিত করেছি।