মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

সিরাজগঞ্জে মেডিক্যাল কলেজ হাসপাতালে শিক্ষকের গুলিতে শিক্ষার্থী আহত

  • আপডেট টাইম : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৮৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে শিক্ষকের গুলিতে আরাফাত আশিক ওরফে তমাল (২৩) নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। আহত শিক্ষার্থীকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

আরাফাত বগুড়ার জেলা সদরের ধানসিঁড়ি নাটাইপাড়া মহল্লার আলামিনের ছেলে। এই ঘটনায় শিক্ষক ডাঃ রায়হান সাদিককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ক্লাশ চলছিল। এই ক্লাশ রুমে ওই শিক্ষক শিক্ষার্থীদের একাধিকবার ফেল করানোর ভয় দেখান। এ নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা মারমুখী হয়ে উঠলে তৃতীয় বর্ষের ওই ছাত্রকে পিস্তল দিয়ে পায়ে গুলি করা হয়। ওই শিক্ষকের হাতে শিক্ষার্থী গুলিবিদ্ধের ঘটনা নিয়ে মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় উত্তপ্ত ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সংবাদে পুলিশ ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ওই শিক্ষক ডাঃ রায়হান সাদিককে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয় এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ওই মেডিক্যাল হাসপাতালে অবস্থান করছেন। পুলিশের একজন কর্মকর্তা বলছেন, প্রকৃত ঘটনা উদঘাটনে জোর চেষ্টা চলছে।

এই বিষয়ে ওই কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আমিরুল হোসেন চৌধুরীকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। এদিকে এ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় ওই মেডিক্যাল কলেজ হাসপাতাল পাড়ায় অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com