বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা বাজার এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ ৭ জন আহত হয়েছেন।
সদর থানার ওসি মোখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে দ্রুতগামী একটি প্রাইভেটকার ছোনগাছা বাজারে প্রবেশের সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং জুনায়েদ (১৮), বাইজিদ (১৮) ও মুক্তা (১৯) গুরুতর আহত হয়। এসময় প্রাইভেটকারে
থাকা ৪ পুলিশ সদস্যও আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। ঘটনার পর পুলিশ কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই বাজার এলাকায় স্পিডব্রেকার না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ওসি।