বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সুবিধাবঞ্চিত উপকারভোগী নারীদের মাঝে ভিডাব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিসিয়ারি) কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। এ চালের বেশিরভাগ বস্তাতেই পঁচা, দুর্গন্ধ ও পোঁকা রয়েছে বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত সোমবার উপজেলার সবকয়টি ইউনিয়নের উপকারভোগীর মধ্যে এসব চাল বিতরণ করা হয়েছে। এরমধ্যে ধামাইনগর ইউনিয়নের ২০২ জন উপকারভোগীর মধ্যে ভিডাব্লিউবি কর্মসূচির ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
বিতরণ করা চালের বেশিরভাগই ছিল পঁচা, দুর্গন্ধযুক্ত এবং পোঁকা ধরা। এসব চাল নেওয়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন উপকারভোগী নারীরা। কতিপয় ইউনিয়ন পরিষদের সচিব ও ইউপি সদস্য এ পঁচা চাল বিতরণের বিষয়টি স্বীকার করেছেন। এ বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে ইতিমধ্যেই জানানো হয়েছে। ইতিমধ্যেই পঁচা ও পোঁকা ধরা এ চাল বিতরণ করায় এলাকাবাসীর মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা বলছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।