বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলংগা থানার রামারচর এলাকায় অভিযান চালিয়ে ১০৮ গ্রাম হেরোইনসহ মোঃ লালন (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২’র সদস্যরা।
গ্রেফতারকৃত লালন রাজশাহীর পুটিয়া উপজেলার চক জামিরা গ্রামের মৃত বাবুর ছেলে। র্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সোয়া ৩ টার দিকে সিরাজগঞ্জের সলংগা থানার রামারচর এলাকায় সোহাগ ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১০৮ গ্রাম হেরোইন উদ্ধারসহ নগদ ১ হাজার ৫৫০ টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে হেরোইন নিজ হেফাজতে রেখে সিরাজগঞ্জ শহর ও তার আশপাশ এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।