বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু (৮০) জেলা কারাগারে মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে অসুস্থ হলে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি এনায়েতপুর দরবার শরীফ এলাকার বাসিন্দা এবং একজন বর্ষীয়ান রাজনীতিবিদ ছিলেন। সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার এ.এস.এম. কামরুল হুদা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ সদস্য হত্যা মামলাসহ ৪টি হত্যা মামলার আসামি মোস্তফা খান বাচ্চু চলতি বছরের ২৪ এপ্রিল থেকে জেলা কারাগারে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে হঠাৎ অসুস্থ হলে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সুপার। এদিকে বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের (নিষিদ্ধ দল) বিভিন্ন নেতৃবৃন্দ সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন।